প্রকাশের তারিখঃ Jan 5, 2026 ইং
জাবিতে হল থেকে ২১ বোতল মদসহ ছাত্রদল কর্মী আটক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের একটি কক্ষে অভিযান চালিয়ে ২১ বোতল বিদেশি মদসহ ফজলে আজওয়াদ নামে এক শিক্ষার্থীকে আটক করেছে হল প্রশাসন। আটক শিক্ষার্থী সরকার ও রাজনীতি বিভাগের ৫২তম ব্যাচের ছাত্র এবং তিনি শাখা ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে। তবে ছাত্রদল এই অভিযোগ অস্বীকার করেছে।
রবিবার (৪ জানুয়ারি) রাত ১০টার দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ৭২৩ নম্বর কক্ষ থেকে এই মাদকসহ ফজলে আজওয়াদকে হাতেনাতে আটক করা হয়।
আটক আজওয়াদ বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের (৫২তম ব্যাচ) শিক্ষার্থী। তিনি মীর মশাররফ হোসেন হলের আবাসিক ছাত্র হওয়া সত্ত্বেও অননুমোদিতভাবে নজরুল ইসলাম হলে অবস্থান করছিলেন। তল্লাশিকালে তার কক্ষ থেকে ১৮ বোতল ভদকা এবং ৩ বোতল হুইস্কি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজওয়াদ জানান, ইংরেজি নববর্ষ বা 'থার্টি ফার্স্ট নাইট' উদযাপনের লক্ষ্যে তিনি জামালপুরের সীমান্ত এলাকা থেকে প্রতিটি বোতল ৭০০ টাকা দরে সংগ্রহ করেছিলেন।
উল্লেখ্য, অভিযুক্ত আজওয়াদ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। গত বছরের হল সংসদ নির্বাচনে তিনি ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে সমাজসেবা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে মাদকসহ আটকের পর শাখা ছাত্রদল তার সাথে সংগঠনের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছে।
এ বিষয়ে হলের ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রাজ্জাক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হল সংসদকে সঙ্গে নিয়ে আমরা তাৎক্ষণিক অভিযান চালাই। বিপুল পরিমাণ মাদকসহ এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2026 All rights reserved.