প্রকাশের তারিখঃ Jan 5, 2026 ইং
ভেনেজুয়েলার ঘটনা উদ্বেগের সঙ্গে দেখছে বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক : ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটকের পর সাম্প্রতিক পরিস্থিতি উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ।
লাতিন আমেরিকার দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে মার্কিন বাহিনী আটক করার দুদিন পর আজ সোমবার( ৫ জানুয়ারী) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
বিজ্ঞপ্তিতে ভেনেজুয়েলার ঘটনাপ্রবাহের বিষয়ে কিছু উল্লেখ না করে বলা হয়, বাংলাদেশ বিশ্বাস করে যে দেশগুলোর মধ্যে সব বিরোধের ক্ষেত্রে কূটনীতি ও সংলাপই সমাধানের পথ।
পাশাপাশি জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনের মূলনীতি মেনে চলার ক্ষেত্রে বাংলাদেশের দৃঢ় প্রতিশ্রুতির কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন বাহিনী গত শনিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে নিকোলা মাদুরো এবং তাঁর স্ত্রীকে আটক করে। মাদুরোকে যুক্তরাষ্ট্রে এনে নিউইয়র্কের ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। মাদক পাচার এবং এর মাধ্যমে সন্ত্রাসী তৎপরতায় অর্থ জোগানের অভিযোগে তাঁকে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া চলছে।
Copyright © 2026 All rights reserved.