প্রকাশের তারিখঃ Jan 5, 2026 ইং
তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ডাক দিলেন এ্যানি
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি হিসেবে তারেক রহমান বর্তমানে দলের হাল ধরেছেন। আগামী নির্বাচনে বিজয়ী হয়ে তাঁর নেতৃত্বে রাষ্ট্র পরিচালনার মাধ্যমে জনগণের স্বপ্ন পূরণ করাই বিএনপির মূল লক্ষ্য।
সোমবার (৫ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুরে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সোমবার বিকেলে লক্ষ্মীপুর পৌর শহরের সোনালী কলোনি ও শিল্পী কলোনিসহ ৬ নম্বর ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ চালান। এ সময় তিনি সাধারণ মানুষের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেন।
পথসভায় এ্যানি চৌধুরী বলেন, তারেক রহমান ইতোমধ্যে এ দেশের সাধারণ মানুষের মাঝে গভীর আস্থা ও বিশ্বাস অর্জন করেছেন। একজন দক্ষ ও দূরদর্শী রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করায় দেশের মানুষ এখন তাঁর নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল। তাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের সবার নৈতিক দায়িত্ব হলো তারেক রহমানের হাতকে শক্তিশালী করা।
তিনি আরও প্রত্যাশা ব্যক্ত করেন যে, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে। জনগণের রায় নিয়ে বিএনপি সরকার গঠন করলে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দেশের দায়িত্বভার গ্রহণ করবেন এবং সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবেন।
গণসংযোগকালে জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, সদস্য আবুল হাশেম, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দীনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাঁর সঙ্গে ছিলেন।
Copyright © 2026 All rights reserved.