প্রকাশের তারিখঃ Jan 5, 2026 ইং
গণতন্ত্র ও সমৃদ্ধির প্রতীক ছিলেন বেগম জিয়া: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রতিকূলতার মাঝেও জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বহুদলীয় গণতন্ত্র ও মুক্তবাজার অর্থনীতির ধারাকে বেগম খালেদা জিয়া সাহসিকতার সঙ্গে এগিয়ে নিয়েছেন। কারাবরণ ও অমানবিক নির্যাতনের শিকার হয়েও তিনি প্রতিহিংসার পথে না গিয়ে ঐক্যের ডাক দিয়েছেন। সোমবার রাজধানীর একটি হোটেলে বেগম জিয়ার স্মরণে আয়োজিত শোকসভায় তিনি এসব কথা বলেন।
সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আন্তর্জাতিক চেম্বার অব কমার্স বাংলাদেশ আয়োজিত এক শোকসভায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও ত্যাগের স্মৃতিচারণ করেন।
গণতন্ত্র ও অর্থনৈতিক সংস্কার: মির্জা ফখরুল বলেন, বিএনপির সমালোচনা হলেও এটি সত্য যে, জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র এবং বাকস্বাধীনতা পুনরুদ্ধার করেছিলেন। বেগম জিয়া সেই আদর্শের পতাকা ধারণ করে দেশকে আধুনিক ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করেছেন। তিনি কেবল বিএনপির নেত্রী নন, বরং গোটা দেশের এক অবিসংবাদিত আইকন।
কারাগারে অমানবিক নির্যাতন: বেগম জিয়ার ওপর চলা দীর্ঘদিনের আইনি হয়রানি ও কারাজীবনের করুণ চিত্র তুলে ধরে মহাসচিব বলেন, ৪৭টি মিথ্যা মামলায় তাকে জর্জরিত করা হয়েছিল। জেলখানায় তাকে অত্যন্ত জরাজীর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয়েছিল, যার ফলে সুস্থ অবস্থায় জেলে গেলেও ফেরার সময় তাকে হুইলচেয়ারে করে ফিরতে হয়েছে। বিচার বিভাগকে ব্যবহার করে তাঁর ৫ বছরের সাজাকে অন্যায়ভাবে ১০ বছরে উন্নীত করা হয়েছিল।
ঐক্যের বার্তা ও ভবিষ্যৎ লক্ষ্য: গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর বেগম জিয়ার মহত্ত্বের কথা উল্লেখ করে ফখরুল বলেন, চরম অসুস্থ অবস্থায় হাসপাতালে থেকেও তিনি প্রতিশোধ বা প্রতিহিংসার রাজনীতি পরিহার করে দেশ গড়ার লক্ষে ঐক্যের ডাক দিয়েছেন। তিনি এখন আর আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর দেখানো পথেই আমাদের এগিয়ে যেতে হবে।
শোককে শক্তিতে রূপান্তর করে একটি সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ব্যবসায়ীসহ সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেন মির্জা ফখরুল। একইসাথে দেশের বিরুদ্ধে চলমান সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
Copyright © 2026 All rights reserved.