প্রকাশের তারিখঃ Jan 5, 2026 ইং
গুম ছিল পরিকল্পিত রাষ্ট্রীয় অপরাধ: কমিশন
২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশে সংঘটিত গুমের ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং এটি ছিল রাষ্ট্রীয় সংস্থাগুলোর একটি পরিকল্পিত ও প্রাতিষ্ঠানিক চর্চা। গুমসংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি তাদের চূড়ান্ত প্রতিবেদনে জানিয়েছে, এসব ঘটনার ২৫ শতাংশে র্যাব এবং ২৩ শতাংশে পুলিশ সরাসরি জড়িত ছিল।
সোমবার ( ৫ জানুয়ারি) গুলশানে এক সংবাদ সম্মেলনে কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরী এই লোমহর্ষক তথ্য তুলে ধরেন। প্রতিবেদনে র্যাব বিলুপ্ত করা এবং ‘আয়নাঘর’গুলোকে জাদুঘরে রূপান্তরের সুপারিশ করা হয়েছে।
বিগত ১৬ বছরের গুমের ঘটনা অনুসন্ধানে গঠিত কমিশন সোমবার তাদের কার্যক্রমের বিস্তারিত খতিয়ান প্রকাশ করেছে। ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়কালের গুমের ঘটনাগুলো নিয়ে এই তদন্ত পরিচালিত হয়।
কমিশন মোট ১ হাজার ৯১৩টি অভিযোগ গ্রহণ করে, যার মধ্যে যাচাই-বাছাই শেষে ১ হাজার ৫৬৯টি অভিযোগ সক্রিয় বিবেচনায় নেওয়া হয়েছে। তদন্তে দেখা গেছে, গুম হওয়া ব্যক্তিদের মধ্যে ২৫১ জন এখনো নিখোঁজ এবং ৩৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে কমিশন ডিজিএফআই, র্যা ব, এনএসআই এবং ডিবিসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর গোপন বন্দিশালা বা ‘আয়নাঘর’ পরিদর্শন করেছে।
তদন্তকালে মুন্সীগঞ্জে একটি বেওয়ারিশ কবরের সন্ধান পাওয়া গেছে, যেখানে মাথায় গুলিবিদ্ধ ও হাত বাঁধা অবস্থায় গুমের শিকার ব্যক্তিদের দাফন করার প্রমাণ মিলেছে। এছাড়া বরিশাল ও বরগুনার বিভিন্ন নদীতে মরদেহ ফেলে দেওয়ার (ডাম্পিং প্লেস) তথ্যও পাওয়া গেছে। কমিশন জানিয়েছে, ভারতের বিভিন্ন কারাগারে বন্দি কয়েক হাজার বাংলাদেশির তালিকা যাচাই করা হলেও রহমত উল্লাহ নামে একজন ছাড়া গুম হওয়া আর কারও সন্ধান সেখানে পাওয়া যায়নি।
প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে, গুমের ঘটনাগুলো র্যাব, পুলিশ, সিটিটিসি এবং গোয়েন্দা সংস্থাগুলো একক বা যৌথভাবে পরিচালনা করেছে। অনেক ক্ষেত্রে ‘প্রশাসনের লোক’ পরিচয়ে সাদা পোশাকে ব্যক্তিদের তুলে নেওয়া হতো। এটি কোনো ব্যক্তিগত অসদাচরণ নয়, বরং রাষ্ট্রীয়ভাবে সমন্বিত একটি পদ্ধতিগত অপরাধ ছিল বলে কমিশন মন্তব্য করেছে।
সুষ্ঠু বিচার নিশ্চিত এবং গুমের পুনরাবৃত্তি রোধে কমিশন বেশ কিছু বৈপ্লবিক সুপারিশ করেছে:
• র্যা ব বিলুপ্তিকরণ: গুম ও মানবাধিকার লঙ্ঘনে সম্পৃক্ততার দায়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব) বিলুপ্ত করার প্রস্তাব।
• আইন সংশোধন: সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ বাতিল বা মৌলিক সংস্কার এবং সশস্ত্র বাহিনীকে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া।
• জাদুঘর নির্মাণ: নির্যাতনের স্মৃতি ও সত্যকে ধরে রাখতে কুখ্যাত ‘আয়নাঘর’গুলোকে জাদুঘরে রূপান্তর করা।
• ক্ষতিপূরণ ও পুনর্বাসন: ভুক্তভোগী পরিবারগুলোকে ক্ষতিপূরণ প্রদান এবং ডিএনএ ডাটাবেস তৈরি করে অজ্ঞাত মরদেহ শনাক্ত করা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ইতোমধ্যে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশসহ অন্তর্বর্তীকালীন প্রতিবেদন জমা দেওয়া হয়েছে এবং নিখোঁজদের সন্ধানে ডিএনএ প্রোফাইলিংয়ের কাজ চলমান রয়েছে।
Copyright © 2026 All rights reserved.