প্রকাশের তারিখঃ Jan 6, 2026 ইং
৪ দফা দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’
শরিফ ওসমান হাদি হত্যার দ্রুত বিচার এবং ভারতের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবিতে রাজধানীতে বিশাল পদযাত্রা শুরু করেছে ইনকিলাব মঞ্চ।
আজ মঙ্গলবার বেলা ১১টা ৩০ মিনিটে শাহবাগের হাদি চত্বর থেকে 'মার্চ ফর ইনসাফ' শীর্ষক এই কর্মসূচি শুরু হয়। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে সন্ধ্যায় পুনরায় শাহবাগে এসে এই পদযাত্রা শেষ হওয়ার কথা রয়েছে।
শরিফ ওসমান হাদি হত্যার ন্যায়বিচার নিশ্চিত করতে রাজপথে নেমেছে ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকা থেকে ব্যানার-ফেস্টুন নিয়ে শাহবাগে জড়ো হতে থাকেন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ‘খুনি কেন বাইরে, আমার ভাই কবরে’ এবং ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’—এরকম নানা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে শাহবাগ এলাকা।
আয়োজকরা জানিয়েছেন, ১০টিরও বেশি পিকআপ নিয়ে শুরু হওয়া এই পদযাত্রাটি শাহবাগ থেকে সায়েন্সল্যাব, মোহাম্মদপুর, মিরপুর ১০, উত্তরা, বসুন্ধরা, বাড্ডা ও রামপুরা হয়ে যাত্রাবাড়ী যাবে। এরপর রাত সাড়ে ৭টায় শাহবাগে ফিরে সমাপনী সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হবে।
ইনকিলাব মঞ্চের ৪টি প্রধান দাবি:
১. হাদি হত্যার খুনি ও পরিকল্পনাকারীদের আগামী ২৪ দিনের মধ্যে বিচার নিশ্চিত করা।
২. বাংলাদেশে অবস্থানরত সকল ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল করা।
৩. ভারতে পালিয়ে থাকা খুনিদের ফিরিয়ে না দিলে আন্তর্জাতিক আদালতে মামলা করা।
৪. গোয়েন্দা সংস্থায় মিশে থাকা ফ্যাসিস্টদের দোসরদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার ও বিচার।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রিকশায় বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। সংকটাপন্ন অবস্থায় তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে গত ১৮ ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আজকের এই পদযাত্রা।
Copyright © 2026 All rights reserved.