প্রকাশের তারিখঃ Jan 6, 2026 ইং
ইন্দোনেশিয়ায় ভয়াবহ আকস্মিক বন্যা: নিহত ১৬
ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়াসি প্রদেশের সিয়াউ দ্বীপে প্রবল বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) ভোরের এই প্রাকৃতিক দুর্যোগে আরও ১৮ জন গুরুতর আহত এবং ৪ জন নিখোঁজ রয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে কয়েকশ মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
প্রবল বর্ষণের ফলে সৃষ্ট এই বন্যায় সিয়াউ দ্বীপের জনজীবন লণ্ডভণ্ড হয়ে পড়েছে। স্থানীয় উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, নিখোঁজদের সন্ধানে একটি বিশেষ দল কাজ শুরু করলেও কাদা, পাথর এবং ভেঙে পড়া গাছের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। রাস্তাঘাট পরিষ্কার করতে ভারী যন্ত্রপাতি ও এক্সকেভেটর ব্যবহার করা হচ্ছে।
প্রাদেশিক গভর্নর ইউলিউস সেলভানাস জানান, বন্যায় কয়েকশ বাড়িঘর এবং সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরহারা প্রায় ৪৪৪ জন বাসিন্দাকে স্থানীয় স্কুল ও গির্জাগুলোতে অস্থায়ীভাবে আশ্রয় দেওয়া হয়েছে। দুর্গতদের জরুরি সহায়তা প্রদানের প্রক্রিয়া চলমান রয়েছে।
ইন্দোনেশিয়ার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস এই অঞ্চলে বর্ষার সর্বোচ্চ সময়। ফলে আগামী কয়েকদিন সুলাওয়াসি ছাড়াও জাভা, মালুকু এবং পাপুয়া দ্বীপে আরও ভারী বৃষ্টিপাত ও বন্যার ঝুঁকি রয়েছে। বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দুর্যোগ প্রশমন সংস্থা।
Copyright © 2026 All rights reserved.