প্রকাশের তারিখঃ Jan 6, 2026 ইং
ভোটের আগে অবৈধ অস্ত্র উদ্ধার জরুরি: ইসি সানাউল্লাহ
নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার এবং সীমান্ত সুরক্ষায় কঠোর অবস্থানের কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার (অব.) ব্রিগেডিয়ার আবুল ফজল মো. সানাউল্লাহ।
মঙ্গলবার (৬ জানুয়ারি) চট্টগ্রামে এক মতবিনিময় সভায় তিনি জানান, জুলাই অভ্যুত্থানে লুট হওয়া অস্ত্রের বড় একটি অংশ এখনো উদ্ধার হয়নি, যা নির্বাচনের আগে উদ্ধার করা অত্যন্ত জরুরি।
চট্টগ্রাম সার্কিট হাউজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় ইসি সানাউল্লাহ জানান, জুলাই অভ্যুত্থানের সময় বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের ১৫ শতাংশ এবং গুলির ৩০ শতাংশ এখনো জননিরাপত্তার জন্য হুমকি হয়ে আছে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এসব অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ জোর দিচ্ছে কমিশন।
নির্বাচনী সহিংসতা রোধে এবং রোহিঙ্গাদের ব্যবহার করে অবৈধ অস্ত্রের প্রবেশ ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইসি জানান, নির্বাচনের আগে রোহিঙ্গা ক্যাম্প এবং সীমান্ত এলাকা প্রয়োজনে ‘সিল’ করে দেওয়া হবে। এছাড়া নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পয়েন্টে চেকপোস্টের সংখ্যা বাড়ানো হবে।
সন্ত্রাসীরা যাতে এক এলাকা থেকে অন্য এলাকায় গিয়ে আশ্রয় নিতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এই নির্বাচন কমিশনার। অপরাধীদের গতিবিধি নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
Copyright © 2026 All rights reserved.