প্রকাশের তারিখঃ Jan 6, 2026 ইং
থাইল্যান্ড থেকে সয়াবিন তেল আমদানির অনুমোদন সরকারের
আসন্ন রমজানে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখতে থাইল্যান্ড থেকে ১ কোটি ৩৫ লাখ ৭৫ হাজার লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরাসরি ক্রয় পদ্ধতিতে এই তেল আমদানিতে প্রতি লিটারের খরচ পড়বে ১৬২ টাকা ৬৩ পয়সা। একইসাথে নিম্নআয়ের মানুষের জন্য ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার প্রস্তাবও অনুমোদিত হয়েছে।
পবিত্র রমজান মাসে ভোজ্যতেলের কৃত্রিম সংকট মোকাবিলা ও বাজারদর নিয়ন্ত্রণে রাখতে বড় পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। থাইল্যান্ড থেকে ১ কোটি ৩৫ লাখ ৭৫ হাজার লিটার পরিশোধিত সয়াবিন তেল আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, থাইল্যান্ডের 'প্রাইম কর্প ওয়ার্ল্ড কোম্পানি লিমিটেড' থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) এই তেল কেনা হবে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১৭৮ কোটি ৪৭ লাখ ৩৯ হাজার ১৮৭ টাকা। টিসিবির গুদাম পর্যন্ত পৌঁছানোসহ প্রতি লিটার তেলের দাম পড়বে ১৬২ টাকা ৬৩ পয়সা।
উল্লেখ্য, এই তেল খোলা বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে কম দামে বিক্রি করা হবে, যাতে সাধারণ মানুষের নাগালে থাকে।
পাশাপাশি, টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারগুলোর জন্য ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে কমিটি। স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে চট্টগ্রামের 'এম/এস পায়েল অটোমেটিক ফুড প্রসেসিং মিলস' থেকে এই ডাল কেনা হবে। প্রতি কেজি ৭১ টাকা ৮৭ পয়সা দরে এতে সরকারের মোট ব্যয় হবে ৭১ কোটি ৮৭ লাখ টাকা।
রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের মজুত বাড়াতে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে সরকারের এই উদ্যোগ বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
Copyright © 2026 All rights reserved.