প্রকাশের তারিখঃ Jan 6, 2026 ইং
ভারত থেকে ১.৮০ লাখ টন ডিজেল ক্রয় করবে সরকার
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারত থেকে চলতি বছর ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে এই তেল কিনতে খরচ হবে ১ হাজার ৪৬১ কোটি ৭৬ লাখ টাকা।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ এই প্রস্তাবের অনুমোদন দিয়েছে। চলতি ২০২৬ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর সময়ের জন্য ভারত থেকে ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রয় সংক্রান্ত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
দীর্ঘমেয়াদী ১৫ বছরের চুক্তির ধারাবাহিকতায় ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নুমালীগড় রিফাইনারি থেকে এই জ্বালানি তেল কেনা হচ্ছে। নির্ধারিত পরিমাণ তেল আমদানিতে সরকারের মোট ব্যয় হবে প্রায় ১১ কোটি ৯১ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১ হাজার ৪৬১ কোটি ৭৬ লাখ টাকা। উল্লেখ্য, ২০২৩ সাল থেকে ‘ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন’-এর মাধ্যমে সরাসরি এই তেল বাংলাদেশে আসছে।
অন্যান্য ইস্যুতে ভারতের সঙ্গে সাম্প্রতিক আলোচনার প্রেক্ষাপটে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, এই আমদানি প্রক্রিয়াটি অনেক আগের করা একটি দীর্ঘমেয়াদী চুক্তির অংশ। পাইপলাইনের মাধ্যমে এই তেল আসায় দেশের জ্বালানি চাহিদা মেটানো আরও সহজ হবে।
Copyright © 2026 All rights reserved.