প্রকাশের তারিখঃ Jan 6, 2026 ইং
সোশ্যাল মিডিয়ায় মব-নৈরাজ্য নিয়ন্ত্রণে সরকার নিষ্ক্রিয়: দেবপ্রিয় ভট্টাচার্য
সামাজিক যোগাযোগমাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) অপব্যবহারের মাধ্যমে সৃষ্ট মব-নৈরাজ্য ও বিভাজন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের কার্যকর কোনো পদক্ষেপ নেই বলে মন্তব্য করেছেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য। মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এই শঙ্কার কথা জানান। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ডিজিটাল মাধ্যমের এই বিশৃঙ্খলা রোধ করা জরুরি বলে তিনি উল্লেখ করেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এক মুক্ত আলোচনায় তিনি এই মন্তব্য করেন। আসন্ন জাতীয় নির্বাচনে সামাজিক যোগাযোগমাধ্যম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বড় ধরনের বিশৃঙ্খলা ও বিভাজন তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
ড. দেবপ্রিয় আক্ষেপ করে বলেন, অনলাইনে নারী বিদ্বেষ, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু এবং প্রার্থীদের বিরুদ্ধে অপপ্রচার ও ভুয়া তথ্য ছড়িয়ে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। অথচ এগুলো নিয়ন্ত্রণে সরকার, নির্বাচন কমিশন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পর্যাপ্ত সচেতনতা বা সদিচ্ছার অভাব স্পষ্ট। ডিজিটাল মাধ্যমে ঘৃণা ও সহিংসতা ছড়ানোর প্রভাব বাস্তব জীবনেও পড়ছে, যা সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে বাধাগ্রস্ত করতে পারে।
দেশের ৮টি শহরের নাগরিকদের মতামতের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, সাধারণ মানুষ মনে করছেন এআই-এর অপব্যবহার আগামী দিনে নির্বাচনকে নেতিবাচকভাবে প্রভাবিত করবে। বিশ্বের বিভিন্ন দেশে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণে কড়াকড়ি আরোপের উদাহরণ টেনে তিনি দায়িত্বশীল নিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ করেন। তবে জুলাই আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করার প্রসঙ্গ টেনে তিনি সতর্ক করেন যে, জোরপূর্বক নিয়ন্ত্রণে হিতে বিপরীত হওয়ার ঝুঁকিও থাকে।
অনুষ্ঠানে তিনি দুর্নীতি রোধে একটি একীভূত জাতীয় তথ্যভাণ্ডার তৈরির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। জিল্লুর রহমানের সঞ্চালনায় সভায় এনবিআরের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আবদুল মজিদসহ অন্যান্য বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 All rights reserved.