প্রকাশের তারিখঃ Jan 6, 2026 ইং
১৭ মাসে পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৩ হাজার ৪০৯ জন
অন্তর্বর্তী সরকারের গত ১৭ মাসে সড়ক, রেল, নৌ ও আকাশপথে দুর্ঘটনায় মোট ১৩ হাজার ৪০৯ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সেভ দ্য রোডের এক প্রতিবেদনে এই ভয়াবহ চিত্র উঠে আসে। প্রতিবেদনে বলা হয়েছে, সড়কে বিশৃঙ্খলা ও ট্রাফিক আইন অমান্য করার কারণে এই সময়ে দুর্ঘটনার সংখ্যা ৫ গুণ বেড়েছে।
বাংলাদেশে গত ১৭ মাসে সড়কসহ বিভিন্ন পথে দুর্ঘটনায় মৃত্যু ও আহতের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। স্বেচ্ছাসেবী সংস্থা ‘সেভ দ্য রোড’-এর গবেষণা প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ৫৯ হাজারেরও বেশি দুর্ঘটনায় ১৩ হাজার ৪০৯ জন নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হয়েছেন। মঙ্গলবার ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে মহাসচিব শান্তা ফারজানা এসব তথ্য তুলে ধরেন।
• সড়কপথ: মোট ৫৭,৭৯৬টি দুর্ঘটনায় ১২,৬৯৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২,৬৩৮ জন।
• রেলপথ: ১,১০৬টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪৯২ জন।
• নৌপথ: ২,০৫২টি দুর্ঘটনায় ১৮৭ জন নিহত এবং ৪৬ জন নিখোঁজ আছেন।
• আকাশপথ: একটি বড় দুর্ঘটনায় ৩৬ জন প্রাণ হারিয়েছেন।
সেভ দ্য রোড জানায়, গত ১৭ মাসে সড়কে প্রায় ৫ লাখ অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও ২ লাখ নতুন মোটরসাইকেল নামায় বিশৃঙ্খলা বেড়েছে। এর পাশাপাশি সড়কে ৪১১টি ডাকাতি এবং ৮২৫টি শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। সংস্থাটি পথ দুর্ঘটনা রোধে ৩ কিলোমিটার অন্তর পুলিশ বুথ স্থাপন, সিসি ক্যামেরা লাগানো এবং দুর্ঘটনার দায়ে দ্রুত শাস্তিসহ ৭ দফা দাবি পেশ করেছে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আইনের প্রতি চালক ও শ্রমিকদের অশ্রদ্ধা এবং প্রশাসনের তদারকির অভাবে সাধারণ মানুষের জীবনের ঝুঁকি দিন দিন বেড়েই চলেছে।
Copyright © 2026 All rights reserved.