প্রকাশের তারিখঃ Jan 6, 2026 ইং
জার্মান চ্যান্সেলরকে ‘তুলে নেওয়ার’ হুমকি মেদভেদেভের
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মতো জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎসকেও অপহরণ করার হুমকি দিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। মেদভেদেভের এমন উসকানিমূলক মন্তব্যের পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বার্লিন। জার্মানি এই হুমকির তীব্র নিন্দা জানিয়ে চ্যান্সেলরের পূর্ণ নিরাপত্তার কথা পুনর্ব্যক্ত করেছে।
ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনার রেশ ধরে এবার জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎসকে একই কায়দায় ‘তুলে নেওয়ার’ হুমকি দিলেন দিমিত্রি মেদভেদেভ। রাশিয়ার বর্তমান নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান মেদভেদেভ গত রবিবার বলেন, মাদুরোর মতো ম্যার্ৎসকেও অপহরণ করা হতে পারে এবং এটি হবে একটি ‘চমৎকার মোড়’।
মেদভেদেভ আরও দাবি করেন, জার্মানিতেই চ্যান্সেলরের বিরুদ্ধে মামলা চালানোর মতো যথেষ্ট ভিত্তি রয়েছে। তার মতে, চ্যান্সেলরকে সরিয়ে দেওয়া হলে সাধারণ নাগরিকদের ভোগান্তি কমবে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা 'তাস' মেদভেদেভের এই বিতর্কিত মন্তব্য প্রচার করেছে।
এদিকে সোমবার (৫ জানুয়ারি) এই মন্তব্যের কড়া জবাব দিয়েছে জার্মানি। জার্মান সরকারের মুখপাত্র সেবাস্টিয়ান হিলে এক সংবাদ সম্মেলনে বলেন, মেদভেদেভের এই হুমকিকে ফেডারেল সরকার কঠোরতম ভাষায় নিন্দা জানাচ্ছে। তবে এই ধরনের হুমকিতে চ্যান্সেলরের নিরাপত্তা বিঘ্নিত হবে না এবং তিনি সম্পূর্ণ নিরাপদ রয়েছেন বলে নিশ্চিত করেছে বার্লিন।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলায় এক সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায় মার্কিন বাহিনী। বর্তমানে তিনি নিউইয়র্কে মাদক পাচার সংক্রান্ত মামলায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হচ্ছেন।
Copyright © 2026 All rights reserved.