প্রকাশের তারিখঃ Jan 6, 2026 ইং
কেন্দুয়ায় জমি নিয়ে সংঘর্ষে আহত ৩০
নেত্রকোনার কেন্দুয়ায় জমির সীমানা ও সরকারি রাস্তার দখল নিয়ে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার বাট্টা গ্রামে এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গুরুতর আহত ১২ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বাট্টা গ্রামের জীবন ভূঁইয়া ও চন্দন মিয়ার পক্ষের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদ ছিল। ইতিপূর্বে স্থানীয় সালিসে বিষয়টি মীমাংসা হলেও সরকারি একটি 'হালট' বা রাস্তার অংশ নিয়ে নতুন করে উত্তেজনা দেখা দেয়।
মঙ্গলবার দুপুরে ওই রাস্তায় সুরকি ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।
খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা না হলেও তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
হৃদয় রায় সজীব/রাজধানী
Copyright © 2026 All rights reserved.