প্রকাশের তারিখঃ Jan 7, 2026 ইং
ইসিকে পক্ষপাতদুষ্ট ডিসি-এসপিদের সরিয়ে দিতে বললো জামায়াত
নিজস্ব প্রতিবেদক: ইসিকে পক্ষপাতদুষ্ট ডিসি-এসপিদের সরিয়ে দিতে বললো জামায়াত। বুধবার (৭ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির মো. তাহের বলেছেন, রিটার্নিং কর্মকর্তা হিসেবে অনেক জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) পক্ষপাত করছেন। তারা একটা রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন। নির্বাচন কমিশনকে (ইসি) পক্ষপাতদুষ্ট ডিসি-এসপিদের আমরা সরিয়ে দিতে বলেছি।
জামায়াতের এই নেতা আরও বলেন, নির্বাচনের সময় একজনকে অনেক প্রটোকল দেওয়া হচ্ছে। যেটা মানুষের মাঝে ইম্প্রেশন আসতে পারে, হি বিকাম সামথিং। প্রটেকশনের নামে যে বাড়াবাড়ি চলছে, এতে লেভেল প্লেয়িং ফিল্ড থাকছে না। ভারতের সঙ্গে জামায়াতের কোন যোগাযোগ রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, ভারতের সঙ্গে আমাদের ফরমাল কোনো যোগাযোগ নাই।
তিনি বলেন, দ্বৈত নাগরিকত্বের বিষয়ে কোনো কোনো জায়গায় কোথাও কোথাও গ্রহণ করা হয়েছে। কোথাও কোথাও বাতিল করা হয়েছে। যেমন বিএনপির আব্দুল আউয়ালের মনোনয়ন গ্রহণ করা হয়েছে। মোফাজ্জল হোসেন কায়কোবাদ তারও দ্বৈত নাগরিকত্ব আছে। আমাদের প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগের আমলে মামলায় দুইরকম সিদ্ধান্ত দেওয়া হয়েছে। তাই আমরা বলেছি, দলীয় পক্ষপাত করছেন রিটার্নিং কর্মকর্তারা। আমরা সে সকল রিটার্নিং কর্মকর্তা ও এসপিকে সরিয়ে দিতে বলেছি, যারা একটা পলিটিক্যাল পার্টিকে বিলং করতে চান, তাদের সরিয়ে দিতে বলেছি।
তারা বলেছেন, নীতিগতভাবে আমরা বিষয়টি দেখব। এ ছাড়া একটি দলের পক্ষ থেকে কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে— ক্ষমতায় গেলে বিতরণ করা হবে। এটা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
তিনি বলেন, আমরা সিসিটিভির কথা বলেছি। ওনারা ৯০ শতাংশ কেন্দ্রে এটা করবে। নির্বাচন একতরফা করে একটি দল নির্বাসনে আছে। এখন আরেকটি দল এমন করলে তারাও নির্বাসনে যাবে। এভাবে চলতে থাকলে তো আর বাংলাদেশে কোনো দল থাকবে না। আমরা বলেছি আপনাদের মাঠে প্রমাণ করতে হবে। আমরা স্পেসিফিক কোনো তালিকা দেইনি ডিসি-এসপিদের। আমরা পর্যবেক্ষণ করব, তারপর তালিকা দেব।
Copyright © 2026 All rights reserved.