প্রকাশের তারিখঃ Jan 8, 2026 ইং
বর্তমান প্রশাসন নিয়ে সুষ্ঠু নির্বাচনের আশাবাদী মন্ত্রিপরিষদ সচিব
বর্তমান প্রশাসনের মাধ্যমেই একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ। তিনি স্পষ্ট জানিয়েছেন, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ওপর তার আস্থা রয়েছে এবং কোনো ধরনের অনিয়ম বা বিচ্যুতি দেখা দিলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ জানান, বর্তমান প্রশাসনিক কাঠামো ব্যবহার করেই একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া যাবে। নতুন নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসকদের (ডিসি) অভিজ্ঞতা নিয়ে ওঠা প্রশ্নের জবাবে তিনি বলেন, অভিজ্ঞতা কাজের মাধ্যমেই তৈরি হয়। কর্মকর্তাদের উদ্দেশ্য যদি সৎ থাকে এবং তারা সঠিক পথে পরিচালিত হন, তবে তারা অবশ্যই সফল হবেন।
সচিব আরও উল্লেখ করেন যে, ঢালাওভাবে কাউকে অযোগ্য না ভেবে তাদের কাজের সুযোগ দেওয়া উচিত। তবে প্রশাসন কোনোভাবেই শিথিলতা প্রদর্শন করবে না। মাঠ প্রশাসনের কোনো কর্মকর্তার বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ বা দায়িত্ব পালনে অবহেলার প্রমাণ পাওয়া যায়, তবে তা গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি মনে করেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য বর্তমান প্রশাসন মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুত।
Copyright © 2026 All rights reserved.