প্রকাশের তারিখঃ Jan 8, 2026 ইং
সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ, গ্রাহকদের ভোগান্তি
সিলিন্ডারের দাম পুনঃনির্ধারণ এবং ডিলারদের হয়রানি বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের জন্য এলপিজি বিক্রি বন্ধের ডাক দিয়েছে ব্যবসায়ী সমিতি।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকে দেশজুড়ে এই ধর্মঘট শুরু হওয়ায় চরম বিপাকে পড়েছেন সাধারণ গ্রাহকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অচলাবস্থা চলবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য নতুন করে সমন্বয় এবং প্রশাসনের অযথা জরিমানা বন্ধের দাবিতে সারাদেশে গ্যাস সরবরাহ ও বিক্রি বন্ধ করে দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীসহ দেশের কোথাও সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। খুচরা বিক্রেতাদের অভিযোগ, কোম্পানি ও ডিস্ট্রিবিউটর পর্যায়ে দাম বেশি হওয়ায় সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি করা অসম্ভব হয়ে পড়েছে। রাজধানীর কোনো কোনো এলাকায় গোপনে ২৩০০ টাকা পর্যন্ত চড়া দামে সিলিন্ডার বিক্রির খবর পাওয়া গেছে।
ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম খান জানিয়েছেন, বুধবার আলটিমেটাম দেওয়ার পর দাবি পূরণ না হওয়ায় তারা এই কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন। আজ বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সঙ্গে ব্যবসায়ীদের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকে সমাধান না এলে ধর্মঘট অব্যাহত থাকবে। এদিকে হুট করে গ্যাস বিক্রি বন্ধ হওয়ায় বাসাবাড়ি ও হোটেল-রেস্তোরাঁয় রান্না নিয়ে দেখা দিয়েছে চরম ভোগান্তি। সাধারণ গ্রাহকরা এই অচলাবস্থা নিরসনে দ্রুত সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন।
Copyright © 2026 All rights reserved.