প্রকাশের তারিখঃ Jan 8, 2026 ইং
মুছাব্বির হত্যা: শনিবার দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যার প্রতিবাদে আগামী শনিবার দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে সংগঠনটি। এই ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডের বিচার দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। এই নৃশংস ঘটনার প্রতিবাদে এবং খুনিদের গ্রেপ্তারের দাবিতে আগামী শনিবার (১০ জানুয়ারি) রাজধানী ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নিহতের জানাজার নামাজের আগে সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
এদিকে, বুধবার রাতে রাজধানীর তেজতুরী বাজার এলাকায় মুছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী বাদী হয়ে তেজগাঁও থানায় অজ্ঞাতপরিচয় ৩-৪ জনকে অভিযুক্ত করে এই মামলাটি করেন। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ অপরাধীদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, গত বুধবার রাত পৌনে ৯টার দিকে তেজতুরী বাজারের স্টার কাবাব সংলগ্ন গলিতে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে মুছাব্বির নিহত হন এবং এ সময় আরও একজন গুলিবিদ্ধ হন।
Copyright © 2026 All rights reserved.