প্রকাশের তারিখঃ Jan 8, 2026 ইং
সিইসির সঙ্গে বৈঠক: কী চ্যালেঞ্জ শুনল ইইউ পর্যবেক্ষণ মিশন
নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কী ধরনের চ্যালেঞ্জ ইসিকে মোকাবিলা করতে হচ্ছে তা জানতে চাইলেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনী পর্যবেক্ষণ মিশন। বৃহস্পতিবার (৮ জানুয়ারী) বিকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসিসহ অন্য কমিশনারদের সঙ্গে মিশন প্রধান ইভার্স ইইয়াবসের এক বৈঠক হয়। বৈঠকে ইইউ এর ডেপুটি চিফ অফ অবজারভার ইনতা লেসি, লিগ্যাল এনালিস্ট আইরিনি-মারিয়া গৌরানী ও ইলেকশন এনালিস্ট ভাসিল ভাসঙ্ক উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে ইইউ মিশন প্রধান ইভার্স ইইয়াবস জানান, আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২০০ জন পর্যবেক্ষক থাকবে।
সিইসির সঙ্গে বৈঠক শেষে ইভার্স ইইয়াবস বলেন, নির্বাচন প্রক্রিয়া ও চ্যালেঞ্জের বিষয়গুলো প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকে তিনি জেনেছেন।
সংসদ নির্বাচনের দিনে গণভোট আয়োজনের চ্যালেঞ্জ রয়েছে মন্তব্য করে তিনি বলেন, নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ‘যথাযথ পদক্ষেপ’ নিচ্ছে। তারা সুষ্ঠু নির্বাচনের জন্য জচষ্টা করছেন।
মিশন প্রধানের নেতৃত্বে ইইউ টিম নানা অংশীজনের সঙ্গে বৈঠক করবে। আগামী রবিবার এ নিয়ে তাদের ব্রিফিং করারও কথা রয়েছে।
ইভার্স ইইয়াবস বলেন, আমরা মাত্র মিশন শুরু করেছি। আমাদের একটি টিম আছে, যারা পুরো প্রক্রিয়ার শেষ পর্যন্ত কাজ করবে এবং সব বিস্তারিত তুলে ধরে একটি চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হব।
সিইসি কী জানিয়েছেন— এক সাংবাদিকদের এমন প্রশ্নে মিশন প্রধান বলেন, আমাদের পুরো প্রক্রিয়াটি ব্যাখ্যা করেছেন এবং বিভিন্ন চ্যালেঞ্জের কথাও তুলে ধরেছেন। উদাহরণ হিসেবে বলা যায়, সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজন করা একটি বড় চ্যালেঞ্জ। তবে আমি আশা করি, নির্বাচন কমিশন বিষয়টি যথাযথভাবে মোকাবিলা করবে।
Copyright © 2026 All rights reserved.