প্রকাশের তারিখঃ Jan 8, 2026 ইং
১৮ জানুয়ারির পর এনআইডি সংশোধন শুরু
জাতীয় নির্বাচনের প্রস্তুতির কারণে সাময়িকভাবে স্থগিত থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন সেবা চলতি মাসেই আবারও চালু হচ্ছে। নির্বাচন কমিশন জানিয়েছে, পোস্টাল ব্যালট মুদ্রণের কাজ শেষ হলেই নাগরিকরা এই সেবা গ্রহণ করতে পারবেন।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের জন্য অপেক্ষায় থাকা নাগরিকদের জন্য সুখবর দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের কারণে বন্ধ থাকা এই কার্যক্রম চলতি জানুয়ারি মাসেই পুনরায় শুরু হচ্ছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোটার তালিকা ও প্রার্থীদের তথ্য যাচাই-বাছাইয়ের মতো গুরুত্বপূর্ণ ধাপগুলো ইতিমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে পোস্টাল ব্যালট পেপার ছাপানোর কাজ চলছে। মহাপরিচালকের তথ্যমতে, আগামী ১৮ জানুয়ারির মধ্যে মুদ্রণের এই কাজ শেষ হওয়ার কথা রয়েছে। ব্যালট মুদ্রণ সম্পন্ন হওয়ার পরপরই সারা দেশে এনআইডি সংশোধন ও হালনাগাদ কার্যক্রম পুরোদমে চালু করবে কমিশন। এর ফলে সাধারণ মানুষ আবারও তাদের পরিচয়পত্রের তথ্য পরিবর্তনের সুযোগ পাবেন।
Copyright © 2026 All rights reserved.