প্রকাশের তারিখঃ Jan 8, 2026 ইং
১৯ বছর পর বগুড়ায় তারেক রহমান: ফিরছেন শেকড়ে
দীর্ঘ ১৯ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১১ জানুয়ারি নিজ জেলা বগুড়ায় ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় দুই দশক পর উত্তরাঞ্চলের এই জনপদে তার আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। সফরকালে তিনি মা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত গণদোয়া মাহফিলে অংশ নেবেন।
বগুড়ার মাটি ও মানুষের সঙ্গে তারেক রহমানের রাজনৈতিক ও আত্মিক সম্পর্ক দীর্ঘদিনের। ২০০৬ সালের ডিসেম্বরের পর নানা চড়াই-উতরাই পেরিয়ে এটিই হতে যাচ্ছে তার প্রথম বগুড়া সফর। কারাবরণ, শারীরিক অসুস্থতা এবং দীর্ঘ প্রবাস জীবন শেষে ‘ঘরের ছেলে’র এই প্রত্যাবর্তনকে ঘিরে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আগামী ১২ জানুয়ারি সকাল ১০টায় বগুড়া শহরের সেন্ট্রাল হাই স্কুল মাঠে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এক বিশাল গণদোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এই আয়োজনের মধ্য দিয়েই দীর্ঘ বিরতির পর বগুড়ার মাটিতে জনসম্মুখে উপস্থিত হবেন তিনি।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বগুড়ায় বিএনপির দলীয় কার্যালয় ও তার ব্যক্তিগত অফিস কক্ষটি নতুন করে সাজানো হয়েছে। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা জানান, বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত এই দোয়া মাহফিলে সর্বস্তরের মানুষের ঢল নামবে বলে তারা আশা করছেন। ২০০৮ সালে চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার পর থেকে শুরু হওয়া দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফেরার পর এটিই তার প্রথম জেলা সফর। বগুড়ার প্রতিটি মোড়ে মোড়ে এখন কেবল তারেক রহমানের ফেরা নিয়ে চলছে আলোচনা, যেন এক নতুন ইতিহাসের অপেক্ষায় প্রহর গুনছে পুরো উত্তরবঙ্গ।
Copyright © 2026 All rights reserved.