প্রকাশের তারিখঃ Jan 9, 2026 ইং
চট্টগ্রাম ডিসি পার্কে ফুল উৎসব শুরু
রঙিন ফুলের সৌন্দর্য, নান্দনিক সাজ ও বহুমাত্রিক বিনোদনের সম্মিলনে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাধীন সলিমপুর মৌজার সাগরপাড়ে অবস্থিত ১৯৪ একর আয়তনের ডিসি পার্কে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে দেশের বৃহত্তম ফুল উৎসব “চট্টগ্রাম ফুল উৎসব–২০২৬”। জেলা প্রশাসন, চট্টগ্রামের সুপরিকল্পিত ও বৃহৎ কর্মযজ্ঞে আয়োজিত এই উৎসবের ভূয়সী প্রশংসা করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সচিব এহছানুল হক বলেন, এটি শুধু চট্টগ্রামের জন্য নয়, বরং সারাদেশের মানুষের জন্য আনন্দের বিষয়। জেলা প্রশাসনের এমন উদ্যোগ দেশের অন্যান্য জেলার জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, শুধু চট্টগ্রাম নয়, দেশের বিভিন্ন প্রান্তের মানুষ ডিসি পার্কে এসে নির্মল আনন্দ উপভোগ করবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ জিয়াউদ্দীন, কমিশনার, চট্টগ্রাম বিভাগ, জনাব মোঃ আহসান হাবীব পলাশ, ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ এবং জনাব মোহাম্মদ নাজির আহমেদ খাঁন, পুলিশ সুপার, চট্টগ্রাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম। এছাড়াও বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মাসব্যাপী এই ফুল উৎসবে দেশি-বিদেশি প্রায় ১৪০ প্রজাতির লক্ষাধিক ফুল প্রদর্শিত হচ্ছে, যা ডিসি পার্ককে রূপ দিয়েছে এক অনন্য ফুলের রাজ্যে। এবছর দর্শনার্থীদের জন্য নতুন আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে জিপ লাইন, ক্লাইম্বিং ট্রি, ট্রি হার্ট, বিগ ফ্লাওয়ার ট্রি, আমব্রেলা ট্রি ও ফ্লাওয়ার ট্রি। ফুলের সৌন্দর্য উপভোগের পাশাপাশি প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
উৎসবকে আরও বর্ণিল করতে আয়োজন করা হয়েছে গ্রামীণ মেলা, বই উৎসব, ঘুড়ি উৎসব, পিঠা উৎসব, লেজার লাইট শো, ভিআর গেইম, মুভি শো, ভায়োলিন শো, পুতুল নাচ ও মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল। বিশেষ আকর্ষণ হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে একটি সচেতনতামূলক স্টল স্থাপন করা হয়েছে। পাশাপাশি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান কর্ণার স্থাপন করে ঐতিহাসিক সচেতনতার বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়েছে।
এম আর মিলন/রাজধানী
Copyright © 2026 All rights reserved.