প্রকাশের তারিখঃ Jan 9, 2026 ইং
খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জকসু’র ছাত্রদল প্যানেলের বিজয়ীরা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে বিজয়ীরা সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে জিয়া উদ্যানে শ্রদ্ধা নিবেদনের সময় তারা মরহুমার রাজনৈতিক আদর্শ ও আপসহীন নেতৃত্বকে ধারণ করার প্রত্যয় ব্যক্ত করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে নবনির্বাচিত প্রতিনিধিরা শুক্রবার জুমার নামাজের পর বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক এই প্রধানমন্ত্রীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে জিয়ারত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভিপি প্রার্থী এ কে এম রাকিব, নবনির্বাচিত পাঠাগার সম্পাদক রিয়াসাল রাকিব, পরিবহন সম্পাদক মাহিদ হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জিয়ারত শেষে নেতৃবৃন্দ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার পেছনে বেগম খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয়। গত ৩০ ডিসেম্বর তার মৃত্যুর পর নির্বাচনী ব্যস্ততার কারণে সময়মতো উপস্থিত হতে না পারলেও, আজ তারা মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন। নির্বাচিত প্রতিনিধিরা আরও জানান, ছাত্রদলের এই প্যানেল বেগম খালেদা জিয়ার সততা ও আদর্শকে ধারণ করে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করে যাবে।
Copyright © 2026 All rights reserved.