প্রকাশের তারিখঃ Jan 10, 2026 ইং
ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, রক্তক্ষয়ী সংঘর্ষ অব্যাহত
ভেনেজুয়েলা সংকটের রেশ কাটতে না কাটতেই এবার ইরানে সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশজুড়ে চলমান সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৬২ জনে দাঁড়িয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হলে যুক্তরাষ্ট্রও পাল্টা হামলার নির্দেশ দিতে পারে।
ইরান এখন এক চরম রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। শুক্রবার (৯ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, "ইরান বর্তমানে ভয়াবহ বিপদে আছে।" বিক্ষোভকারীরা অনেক শহরের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন যে, পরিস্থিতির অবনতি ঘটলে তিনি সামরিক অভিযানের নির্দেশ দিতে দ্বিধা করবেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, দেশটির নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে রাতভর ভয়াবহ সংঘর্ষ চলছে।
এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই বিক্ষোভকে 'সন্ত্রাসী তৎপরতা' হিসেবে আখ্যা দিয়েছেন। এক ভাষণে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও বিদেশি শত্রুরা এই অরাজকতা উসকে দিচ্ছে। তিনি আন্দোলনকারীদের কঠোর হাতে দমনের ঘোষণা দিয়ে বলেন, ট্রাম্পের হাত ইরানিদের রক্তে রঞ্জিত।
অন্যদিকে, মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে, গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই আন্দোলনে এ পর্যন্ত ৪৮ জন বিক্ষোভকারী এবং ১৪ জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ দেশজুড়ে ইন্টারনেট বন্ধ করে দিলেও বিক্ষোভ থামার কোনো লক্ষণ নেই। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কিছুটা নমনীয় হওয়ার আহ্বান জানালেও খামেনি পন্থী শাসকগোষ্ঠী কঠোর অবস্থানের অনড় রয়েছে।
Copyright © 2026 All rights reserved.