প্রকাশের তারিখঃ Jan 10, 2026 ইং
‘জনগণ তারেক রহমানের নেতৃত্বের অপেক্ষায়’: মির্জা ফখরুল
দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষ বুকভরা প্রত্যাশা নিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বনানীর হোটেল শেরাটনে গণমাধ্যম সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
শনিবার (১০ জানুয়ারি) সকালে রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় সম্পাদক ও সাংবাদিকদের মুখোমুখি হন তারেক রহমান। অনুষ্ঠানের শুরুতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এক অত্যন্ত চ্যালেঞ্জিং সময়ে তারেক রহমান দেশে ফিরেছেন। যখন দেশ একটি কঠিন সময় পার করছে, তখন সমগ্র জাতি তার নেতৃত্বের ওপর আস্থা রাখছে এবং বড় ধরনের পরিবর্তনের প্রত্যাশা করছে।
বেলা সোয়া ১১টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই প্রীতি মিলনীতে দেশের বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। দীর্ঘদিন প্রবাসে থাকার পর তারেক রহমানের এই সরাসরি অংশগ্রহণকে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বক্তারা মনে করছেন, এই সৌজন্য বিনিময় গণমাধ্যমের সঙ্গে বিএনপির সম্পর্ক আরও দৃঢ় করবে এবং আগামীর রাজনৈতিক পথচলায় ইতিবাচক ভূমিকা রাখবে।
Copyright © 2026 All rights reserved.