প্রকাশের তারিখঃ Jan 10, 2026 ইং
যোগাযোগ বিচ্ছিন্ন ইরানে লাশের স্তূপ, বাড়ছে উদ্বেগ
ইরানে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় বিক্ষোভ দমনে প্রাণহানির প্রকৃত চিত্র আড়ালে পড়ে যাচ্ছে। তবে মানবাধিকার সংস্থাগুলোর মতে, নিহতের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে এবং হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে পার্কিং লটে সারি সারি লাশ পড়ে থাকতে দেখা গেছে, যা ভয়াবহ দমন-পীড়নের ইঙ্গিত দিচ্ছে।
ইরানে গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া আন্দোলনে রক্তক্ষয় বেড়েই চলেছে। নরওয়েভিত্তিক সংস্থা ‘ইরা হিউম্যান রাইটস’ জানিয়েছে, ইন্টারনেট বন্ধ হওয়ার আগেই অন্তত ৪৫ জনের মৃত্যু নিশ্চিত করা গেছে। কিন্তু বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ও শুক্রবার (১০ জানুয়ারি) রাতের বড় ধরনের সংঘাতের পর এই সংখ্যা আরও অনেক বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তেহরানের নিকটবর্তী ফারদিস এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত বেশ কয়েকজনের মরদেহ একটি ভূগর্ভস্থ পার্কিংয়ে পড়ে থাকার ভিডিও জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে।
অভিযোগ উঠেছে, নিরাপত্তা বাহিনী নিহতদের পরিচয় বদলে দেওয়ার চেষ্টা করছে। লোরেস্তান প্রদেশে ২২ বছর বয়সী আমির হেসামকে গুলি করে হত্যার পর তাকে 'সরকারপন্থী' হিসেবে চালানোর চেষ্টা করলেও পরিবারের বাধায় তা সফল হয়নি। এছাড়া শায়ান আসাদোল্লাহি নামের এক তরুণের মরদেহ আটকে রেখে পরিবারকে সরকারি বয়ান মেনে নিতে চাপ দেওয়ার খবরও পাওয়া গেছে।
এতসব প্রাণহানির পরও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নতি স্বীকার না করার ঘোষণা দিয়েছেন। বিক্ষোভকারীদের 'নাশকতাকারী' আখ্যা দিয়ে তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই 'ষড়যন্ত্র' কঠোর হস্তে দমন করা হবে। ইন্টারনেট না থাকায় বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন ইরানে আরও বড় ধরনের মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছেন মানবাধিকার কর্মীরা।
Copyright © 2026 All rights reserved.