প্রকাশের তারিখঃ Jan 10, 2026 ইং
সিঙ্গাপুর নয়, শক্তিশালী বাংলাদেশ গড়াই লক্ষ্য: অর্থ উপদেষ্টা
বাংলাদেশকে হুবহু সিঙ্গাপুরে রূপান্তরের আকাশকুসুম স্বপ্ন না দেখিয়ে একটি শক্তিশালী ও টেকসই রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে তিনি বলেন, জনপ্রিয়তার চাপে পড়ে নয় বরং জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েই অর্থনৈতিক নীতি নির্ধারণ করা হচ্ছে।
ব্যাংকিং অ্যালমানাকের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতার চিত্র তুলে ধরেন। তিনি বলেন, নীতি গ্রহণ করা খুব সহজ কাজ নয় কারণ সবাইকে সন্তুষ্ট করা সম্ভব হয় না। অনেকেই ব্যক্তিগত লাভের কথা ভেবে সুদের হার বা কর কমানোর দাবি তোলেন, কিন্তু রাষ্ট্রকে চিন্তা করতে হয় সামগ্রিক কল্যাণের কথা। ড. সালেহউদ্দিনের মতে, দেশের ৫৪ বছরের পথচলায় বাংলাদেশ কখনোই ব্যর্থ হয়নি, বরং চড়াই-উতরাই পেরিয়ে এগিয়ে গেছে।
দেশের ব্যাংকিং খাত বর্তমানে স্থিতিশীল হলেও এখনই সুদের হার কমানো সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। শনিবার সিরডাপ মিলনায়তনে তিনি বলেন, একা সরকারের পক্ষে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা কঠিন; এর জন্য ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন।
তিনি জানান, বাজার নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্য সাধারণের নাগালে রাখতে সরকার চেষ্টা করলেও ব্যবসায়ীদের সদিচ্ছা ছাড়া মূল্যস্ফীতি কমানো সম্ভব নয়। বিশেষ করে ব্যাংক সুদের হার নিয়ে যে পপুলিস্ট ডিমান্ড বা দাবি রয়েছে, তা এই মুহূর্তে বাস্তবায়ন করা অর্থনীতির জন্য জটিল হতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।
নিজের দায়িত্ব নিয়ে আত্মবিশ্বাসী ড. সালেহউদ্দিন বলেন, "অর্থ উপদেষ্টা হিসেবে আমি ব্যর্থ হবো না বলে আশা করি। তবে ধীরগতিতে নয়, বরং দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশকে একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড় করানোই এখন আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ।" তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান সংকটগুলো কাটিয়ে উঠতে সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই।
তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান সংকট কোনো একক ব্যক্তি বা সরকারের কারণে সৃষ্টি হয়নি, এটি দীর্ঘদিনের উন্নয়ন প্রক্রিয়ার একটি অংশ। নিজের কর্মপরিকল্পনা নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আমি গভর্নর হিসেবে পুরোপুরি ব্যর্থ হবো না, কাজের সুফল আপনারা শিগগিরই দেখতে পাবেন। অহেতুক নেতিবাচক মানসিকতা ত্যাগ করে ধৈর্য ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি দৃঢ় ভিত্তির ওপর বাংলাদেশ দাঁড়াবে বলে তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন।
Copyright © 2026 All rights reserved.