প্রকাশের তারিখঃ Jan 10, 2026 ইং
ষড়যন্ত্র হলেও নির্বাচন যথাসময়েই হবে: ফারুক
নির্বাচন বানচালের নানা চেষ্টা চললেও আগামী ১২ ফেব্রুয়ারি যথা সময়েই দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। শনিবার সকালে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, দু-একটি হত্যাকাণ্ড ঘটিয়ে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া সম্ভব নয়।
রাজধানীর শেরেবাংলা নগরে এক অনুষ্ঠানে সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, কোনো ষড়যন্ত্রই ভোটারদের আটকে রাখতে পারবে না।
তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পূর্ণাঙ্গ 'চেয়ারম্যান' হিসেবে দায়িত্ব গ্রহণের প্রসঙ্গ টেনে তার উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং খালেদা জিয়ার অসমাপ্ত কাজ শেষ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
ডাকসু নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না উল্লেখ করে তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। এ সময় জয়নুল আবদিন ফারুক আরও বলেন, মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক কর্মী হিসেবে আমি বিশ্বাস করি, দেশ এখন পরিবর্তনের অপেক্ষায় এবং নির্বাচনই সেই পরিবর্তনের প্রধান মাধ্যম। অনুষ্ঠানে ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 All rights reserved.