প্রকাশের তারিখঃ Jan 10, 2026 ইং
বিক্ষোভ উসকে দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইরানের বর্তমান শান্তিপূর্ণ আন্দোলনকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিকল্পিতভাবে সহিংস করে তুলেছে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযানের হুমকিকে তিনি খুব একটা গুরুত্ব দিচ্ছেন না। আরাগচির মতে, ইরানে সরাসরি হামলা চালানোর সাহস বা সক্ষমতা ওয়াশিংটনের নেই।
লেবানন সফরকালে এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বর্তমান অস্থিরতার জন্য সরাসরি বিদেশি শক্তিকে দায়ী করেন। তিনি বলেন, "যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রকাশ্যেই বিক্ষোভে হস্তক্ষেপের কথা স্বীকার করেছে। মূলত তাদের ইন্ধনেই সাধারণ মানুষের ক্ষোভ এখন নাশকতায় রূপ নিয়েছে।" উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে তেহরানের ব্যবসায়ীদের ধর্মঘট থেকে এই বিক্ষোভের সূত্রপাত হয়, যা এখন দেশটির ৩১টি প্রদেশেই ছড়িয়ে পড়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যে ইরানকে চারবার সতর্কবার্তা দিয়েছেন এবং আন্দোলনকারীদের ওপর দমন-পীড়ন চললে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। এ প্রসঙ্গে আরাগচি জানান, অতীতেও এমন অনেক পদক্ষেপ ব্যর্থ হয়েছে, তাই এবারও কোনো বিদেশি শক্তি ইরানে সামরিক অভিযান চালাতে পারবে বলে তিনি মনে করেন না। এদিকে ইসরায়েল সরকার সরাসরি মন্তব্য না করলেও দেশটির গোয়েন্দা সংস্থা 'মোসাদ' বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ইরান সরকার দেশজুড়ে ইন্টারনেট বিচ্ছিন্ন করে ব্যাপক নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে।
Copyright © 2026 All rights reserved.