প্রকাশের তারিখঃ Jan 10, 2026 ইং
দেশকে ভারতের আধিপত্যমুক্ত করেছে এই সরকার: আসিফ নজরুল
অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে ভারতের আধিপত্য ও আগ্রাসী ভূমিকা থেকে মুক্ত করে স্বাধীনভাবে কথা বলার সুযোগ তৈরি করে দিয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক পলিসি ডায়ালগে তিনি বলেন, সংস্কার কোনো ম্যাজিক নয় যে রাতারাতি ফল দেবে, তবে সরকার মৌলিক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে।
সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত অনুষ্ঠানে ড. আসিফ নজরুল সরকারের বিভিন্ন সংস্কার কাজের খতিয়ান তুলে ধরেন। তিনি বলেন, বিচার বিভাগের বদলি, পদোন্নতি ও বাজেটের পূর্ণ নিয়ন্ত্রণ উচ্চ আদালতের হাতে ছেড়ে দেওয়া হয়েছে, যা গত ৫৪ বছরের ইতিহাসে এক অনন্য সংস্কার। এছাড়া গুম কমিশন গঠন এবং দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী মানবাধিকার আইন প্রণয়ন করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
উপদেষ্টা অভিযোগ করেন, সরকারের গঠনমূলক সমালোচনা না করে অনেকেই 'নির্দয়' সমালোচনা করছেন। তিনি উল্লেখ করেন, বিরোধী দলের ৫ লাখ আসামির বিরুদ্ধে থাকা ২০ হাজারেরও বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হয়েছে। রিজার্ভ বৃদ্ধি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং ধ্বংসপ্রায় ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানোকে তিনি অন্তর্বর্তী সরকারের বড় সাফল্য হিসেবে অভিহিত করেন। তার মতে, প্রত্যাশা ও প্রাপ্তির সমন্বয় ঘটানো এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।
Copyright © 2026 All rights reserved.