প্রকাশের তারিখঃ Jan 10, 2026 ইং
ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির তিনজন নিহত
ওমানের সালালাহ শহরে উটের সঙ্গে প্রাইভেট কারের ভয়াবহ সংঘর্ষে চট্টগ্রামের ফটিকছড়ির একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। শুক্রবার রাতে ভ্রমণ শেষে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। এতে প্রাণ হারিয়েছেন মা, ছেলে ও মেয়ের জামাই। গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রবাসের মাটিতে এক নিমিষেই শেষ হয়ে গেল একটি পরিবারের আনন্দ ভ্রমণ। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মো. শফিউর আলমের পরিবার কয়েকদিন আগে মাস্কাট থেকে সালালাহতে বেড়াতে গিয়েছিলেন। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে ফেরার পথে তাম্বেত এলাকায় হঠাৎ একটি উট তাদের প্রাইভেট কারের সামনে চলে আসে। প্রচণ্ড গতিতে থাকা গাড়িটি উটকে ধাক্কা দিলে দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনাস্থলেই মারা যান শফিউর আলমের স্ত্রী বিলকিস আক্তার, তাদের একমাত্র ছেলে মুহাম্মদ সাকিবুল হাসান (সবুজ) এবং সাকিবের বোন জামাই মুহাম্মদ দিদার। গাড়িটি চালাচ্ছিলেন সাকিব নিজেই। দুর্ঘটনায় সাকিবের বোন, স্ত্রী ও তাদের শিশু সন্তান গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা সালালাহর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওমানে থাকা সাকিবের চাচা জাহাঙ্গীর জানান, পরিবারের সবাই মিলে হযরত আইয়ুব (আ.)-এর মাজার জিয়ারত ও ভ্রমণের জন্য গিয়েছিলেন, কিন্তু ফেরার পথেই এই ট্র্যাজেডি ঘটে। এই ঘটনায় ফটিকছড়ির ছোট ছিলোনিয়া গ্রামে এখন শোকের মাতম চলছে।
মোহাম্মদ রাশেদ/রাজধানী
Copyright © 2026 All rights reserved.