প্রকাশের তারিখঃ Jan 10, 2026 ইং
মব দমন ছাড়া সুষ্ঠু ভোট সম্ভব নয়: জাপা মহাসচিব
নির্বাচনী প্রক্রিয়ায় 'মব' বা বিশৃঙ্খল জনতার দৌরাত্ম্য বন্ধ না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে সতর্ক করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষে তিনি বলেন, ইসিকে কেবল ক্ষমতায় থাকলেই হবে না, শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীদের প্রার্থিতা ফিরে পাওয়ার আপিল শুনানিতে অংশ নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন শামীম হায়দার পাটোয়ারী। তিনি অভিযোগ করেন, মবের কারণে অনেক প্রার্থী তাদের ছোটখাটো ত্রুটি সংশোধন করতে পারেননি, এমনকি রিটার্নিং কর্মকর্তারাও ভয়ে অনেক প্রার্থীর কাগজপত্র গ্রহণ করতে সাহস পাননি। তিনি ইসিকে উদ্দেশ্য করে বলেন, ইসির দাঁত আছে, তবে শুধু দাঁত থাকলেই হবে না, প্রয়োজনে সেই দাঁত দিয়ে কামড় দিতে হবে।
জাপা মহাসচিব আরও জানান, তাদের দল থেকে ২৪৪ জনকে মনোনয়ন দেওয়া হলেও নানা জটিলতায় ২২৪ জন জমা দিতে পেরেছিলেন। এর মধ্যে ৩০ জনের প্রার্থিতা বাতিল করা হয়। আপিল শুনানির প্রথম দিনে চারজন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন এবং বাকিদের বিষয়েও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বর্তমান সরকার ও নির্বাচন কমিশনকে সম্মিলিতভাবে দেশ ও নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণের আহ্বান জানান।
Copyright © 2026 All rights reserved.