ফরিদপুর শহরের আলীপুর ব্রিজে একটি পরিত্যক্ত ব্যাগ থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে যৌথ বাহিনী। শনিবার ভোরে অভিযান চালিয়ে ব্যাগটি উদ্ধার করার পর ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ দল তা পরীক্ষা করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) ভোর সাড়ে ৩টার দিকে আলীপুর ব্রিজ সংলগ্ন বস্তি এলাকায় একটি সন্দেহভাজন ব্যাগের উপস্থিতি টের পায় যৌথ বাহিনী। তাৎক্ষণিকভাবে নিরাপত্তা নিশ্চিত করতে এলাকাটি ঘিরে রাখা হয়। পরে ঢাকা থেকে আসা বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি পরীক্ষা করে এবং সেটির ভেতরে বোমা বা ককটেল সদৃশ বস্তুর অস্তিত্ব খুঁজে পায়।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমির হোসেন জানান, উদ্ধারকৃত বস্তুগুলো আসলে কী, তা আরও নিবিড়ভাবে পরীক্ষা করার পর নিশ্চিত হওয়া যাবে। আপাতত জননিরাপত্তার স্বার্থে সেগুলো একটি নিরাপদ স্থানে রাখা হয়েছে। কে বা কারা কী উদ্দেশ্যে ব্যস্ততম এই ব্রিজের ওপর বিস্ফোরক সদৃশ বস্তু রেখে গেছে, তা শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ ও যৌথ বাহিনী।
খন্দকার আব্দুল্লাহ/রাজধানী