প্রকাশের তারিখঃ Jan 10, 2026 ইং
প্রথম ৩ ঘণ্টায় ২৬ প্রার্থীর প্রার্থিতা ফিরিয়ে দিল ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাতিল হওয়া মনোনয়নপত্র ফিরে পেতে আপিল শুনানির প্রথম দিনে বড় সাফল্য পেয়েছেন প্রার্থীরা।
শনিবার (১০ জানুয়ারি) প্রথম তিন ঘণ্টার শুনানিতে ৩৬টি আবেদনের মধ্যে ২৬ জনকে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই শুনানি কার্যক্রম ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে।
শনিবার সকাল ১০টা থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে শুরু হয় বহুল প্রতীক্ষিত আপিল শুনানি। দুপুর ১টা পর্যন্ত চলা প্রথম দফার সেশনে ৩৬ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হয়। এর মধ্যে ২৬ জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন, ৬ জনের আবেদন নামঞ্জুর করা হয়েছে এবং বাকি ৪ জনকে প্রয়োজনীয় নথিপত্র দাখিলের জন্য সময় দেওয়া হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, সারা দেশে রিটার্নিং কর্মকর্তাদের হাতে বাতিল হওয়া ৭২৩টি মনোনয়নপত্রের বিপরীতে মোট ৬৪৫টি আপিল জমা পড়েছে। আজ ১ থেকে ৭০ নম্বর পর্যন্ত ক্রমিকের শুনানি চলছে। সূচি অনুযায়ী, আগামীকাল রবিবার ৭১ থেকে ১৪০ নম্বর এবং পর্যায়ক্রমে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক প্রার্থীর শুনানি গ্রহণ করবে কমিশন। প্রার্থিতা ফিরে পাওয়া প্রার্থীরা এখন প্রতীক বরাদ্দ শেষে নির্বাচনী প্রচারণায় নামার সুযোগ পাবেন।
Copyright © 2026 All rights reserved.