প্রকাশের তারিখঃ Jan 10, 2026 ইং
ব্যবসায়ীদের জন্য 'ভিসা বন্ড' শিথিলের অনুরোধ বাংলাদেশের
যুক্তরাষ্ট্রের আরোপিত নতুন ‘ভিসা বন্ড’ ব্যবস্থা থেকে বাংলাদেশি ব্যবসায়ীদের অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এই প্রস্তাব দেন। জবাবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, পর্যটকদের অতিরিক্ত অবস্থানের হার কমলে এই নিয়ম পুনর্বিবেচনা করা হতে পারে।
শুক্রবার (১০ জানুয়ারি) ওয়াশিংটন ডিসিতে মার্কিন রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন ড. খলিলুর রহমান। বৈঠকে তিনি বি-১ (ব্যবসায়িক) ভিসার ক্ষেত্রে বাংলাদেশি ব্যবসায়ীদের বিশেষ ছাড় দেওয়ার দাবি জানান। হুকার বিষয়টি ইতিবাচকভাবে দেখার আশ্বাস দিয়ে জানান, ফেব্রুয়ারি নাগাদ বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র। গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করে ওয়াশিংটন।
বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের নিরবচ্ছিন্ন সহায়তার জন্য ধন্যবাদ জানান ড. রহমান। অন্যদিকে, নথিপত্রহীন বাংলাদেশিদের ফেরত নেওয়ার ক্ষেত্রে ঢাকার আন্তরিকতার প্রশংসা করেন হুকার। এছাড়া বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পের উন্নয়ন ও ডিএফসি অর্থায়নে প্রবেশাধিকার নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সহায়তা চাওয়া হয়েছে। একই সফরে ড. রহমান বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের শপথ অনুষ্ঠানেও যোগ দেন। সেখানে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, তিনি বাংলাদেশের নির্বাচনের ফলাফলের অপেক্ষায় আছেন এবং নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী।
Copyright © 2026 All rights reserved.