প্রকাশের তারিখঃ Jan 10, 2026 ইং
ইরানে ফেরার ঘোষণা নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির
ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনের সমর্থনে দেশটিতে ফেরার ঘোষণা দিয়েছেন নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। একই সাথে তিনি বিক্ষোভকারীদের আরও দুই রাত রাজপথে অবস্থান করার এবং দেশব্যাপী ধর্মঘট ডাকার আহ্বান জানিয়েছেন। তার মতে, বর্তমান জনজোয়ার শাসকগোষ্ঠীর ভিত নাড়িয়ে দিয়েছে।
দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রে নির্বাসিত থাকা ইরানের সাবেক সিংহাসনের উত্তরাধিকারী রেজা পাহলভি সম্প্রতি এক বার্তায় বিক্ষোভকারীদের সাহসের প্রশংসা করেন। তিনি বলেন, গত বৃহস্পতি (৮ জানুয়ারি) ও শুক্রবার (৯ জানুয়ারি) লাখ লাখ মানুষের অংশগ্রহণ প্রমাণ করেছে যে জনগণ আর শাসকের হুমকিতে ভীত নয়। এই আন্দোলনের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থাকে অচল করে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি শনিবার (১০ জানুয়ারি) ও রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পুনরায় জাতীয় পতাকা ও প্রতীক নিয়ে শহরের কেন্দ্রগুলো দখলের পরামর্শ দেন।
পাহলভি মনে করেন, রাজপথে আন্দোলনের পাশাপাশি জ্বালানি ও পরিবহন খাতে ধর্মঘট ডেকে অর্থনৈতিক চাপ সৃষ্টি করা জরুরি। তিনি ইরানি জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে শিগগিরই সপরিবারে নিজ দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
উল্লেখ্য, ১৯৭৯ সালের ‘ইসলামি বিপ্লবের’ পর তার পিতা ক্ষমতাচ্যুত হলে তিনি দেশত্যাগ করেছিলেন। প্রায় সাড়ে চার দশক পর তার এই ফেরার ঘোষণা ইরানের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে।
Copyright © 2026 All rights reserved.