প্রকাশের তারিখঃ Jan 10, 2026 ইং
ভিসা বন্ড শর্ত শিথিলের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রে পর্যটকদের অতিরিক্ত সময় অবস্থানের (ওভারস্টে) হার কমলে বহুল আলোচিত 'ভিসা বন্ড' শর্ত পুনর্বিবেচনা করতে পারে ওয়াশিংটন।
শুক্রবার (৯ জানুয়ারি) জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে মার্কিন আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার এই ইঙ্গিত দেন। একই সঙ্গে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র।
ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে অনুষ্ঠিত এই দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, বাণিজ্য এবং নির্বাচনসহ নানা গুরুত্বপূর্ণ ইস্যু স্থান পায়। বৈঠকে ড. খলিলুর রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য স্বল্পমেয়াদি বি-১ ভিসায় 'ভিসা বন্ড' থেকে অব্যাহতি দেওয়ার জোরালো অনুরোধ জানান। জবাবে অ্যালিসন হুকার জানান, বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে, তবে তা নির্ভর করবে ভবিষ্যতে পর্যটকদের সঠিক সময়ে দেশ প্রত্যাবর্তনের হারের ওপর।
বৈঠকে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় যুক্তরাষ্ট্রের বড় ভূমিকা নিয়ে আলোচনা হয়। হুকার রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে সুযোগ বাড়াতে বাংলাদেশের প্রতি আহ্বান জানান। এছাড়া গাজায় প্রস্তাবিত 'আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষা বাহিনীতে' যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আগ্রহকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। ড. খলিলুর রহমান দেশের সেমিকন্ডাক্টর শিল্পের উন্নয়ন ও ডিএফসি অর্থায়নে প্রবেশাধিকারের বিষয়েও যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান। এই সফরে তিনি বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের শপথ অনুষ্ঠানেও যোগ দেন।
Copyright © 2026 All rights reserved.