প্রকাশের তারিখঃ Jan 10, 2026 ইং
নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে দেড় লাখ পুলিশ: আইজিপি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের দেড় লাখ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রংপুর সফরকালে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য পুলিশের মনোবল ফেরানো এবং সমাজের পূর্ণ সমর্থন অর্জন অপরিহার্য। পাশাপাশি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বডি ক্যামেরা ব্যবহারের পরিকল্পনার কথাও জানান তিনি।
রংপুর মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় অংশ নিয়ে আইজিপি বাহারুল আলম দেশের বর্তমান আইনশৃঙ্খলা ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। তিনি স্বীকার করেন যে, বিগত ১৫ বছরে পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করায় বাহিনীর মনোবল ভেঙে গিয়েছিল এবং জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল। বর্তমানে সেই অবস্থা থেকে পুলিশকে জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে।
আইজিপি বলেন, জুলাই-আগস্ট পরবর্তী সময়ে মাজার ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে হামলার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। তিনি আক্ষেপ করে বলেন, "মামলার জট ও বিচারের দীর্ঘসূত্রিতার কারণে অপরাধীরা উৎসাহিত হচ্ছে।" এমনকি আসামি ধরার পর থানা ঘেরাও করার মতো ঘটনাগুলো পুলিশের কাজে বাধা সৃষ্টি করছে। তিনি স্পষ্ট জানান, জনগণের আস্থা ও সহযোগিতা ছাড়া পুলিশের পক্ষে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা কঠিন। রংপুর বিভাগের পুলিশ সদস্যরা একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রতিজ্ঞাবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।
Copyright © 2026 All rights reserved.