প্রকাশের তারিখঃ Jan 10, 2026 ইং
নগদ লেনদেনের রিপোর্ট জমা দিতে কেন্দ্রীয় ব্যাংকের নতুন সময়সীমা
ব্যাংকগুলোতে নগদ লেনদেনের রিপোর্ট (সিটিআর) দাখিলের নিয়ম পরিবর্তন করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ১০ লাখ টাকা বা তার বেশি নগদ লেনদেনের তথ্য প্রতি সপ্তাহের রিপোর্ট পরবর্তী সপ্তাহের তিন কার্যদিবসের মধ্যে বিএফআইইউ-তে জমা দিতে হবে। মানিলন্ডারিং প্রতিরোধে নজরদারি আরও জোরদার করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে জারি করা এক নির্দেশনায় জানানো হয়, কোনো একটি হিসাবে এক বা একাধিক লেনদেনের মাধ্যমে যদি দিনে ১০ লাখ টাকা বা তার বেশি নগদ জমা বা উত্তোলন (এটিএম ও অনলাইনসহ) হয়, তবে তার রিপোর্ট জমা দেওয়া বাধ্যতামূলক। আগে এই রিপোর্টিংয়ের সময়সীমা ভিন্ন থাকলেও এখন থেকে তা সাপ্তাহিক ভিত্তিতে দাখিল করতে হবে।
নতুন এই নিয়ম ১১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে। তবে ১ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত সময়ের রিপোর্ট আগামী ১৩ জানুয়ারির মধ্যে জমা দিতে বলা হয়েছে। বিএফআইইউ স্পষ্ট জানিয়েছে, যদি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান সময়মতো রিপোর্ট দিতে ব্যর্থ হয় অথবা ভুল বা মিথ্যা তথ্য সরবরাহ করে, তবে মানিলন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশের আর্থিক খাতে স্বচ্ছতা বজায় রাখতে এবং অবৈধ লেনদেন রুখতে এই কঠোর অবস্থান নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
Copyright © 2026 All rights reserved.