প্রকাশের তারিখঃ Jan 12, 2026 ইং
অভিনেত্রী হওয়ার ইচ্ছে ছিল না: রানি মুখার্জি
ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম প্রভাবশালী অভিনেত্রী রানি মুখার্জি। টানা তিন দশক ধরে বড় পর্দায় কখনও রোমান্টিক নায়িকা, আবার কখনও সাহসী ও প্রতিবাদী নারীর চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। সম্প্রতি জনপ্রিয় ও ব্লকবাস্টার ‘মর্দানি’ ফ্র্যাঞ্চাইজের তৃতীয় কিস্তির ঘোষণা দিয়ে নিজের অভিনয়জীবনের ৩০ বছর পূর্তি উদযাপন করছেন এই শক্তিশালী অভিনেত্রী।
এই বিশেষ মুহূর্তে ভক্তদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন খোলা চিঠি লিখেছেন তিনি। সেখানেই তিনি তুলে ধরেছেন তার দীর্ঘ যাত্রার নেপথ্য কথা।
রানি লেখেন, আজ থেকে ৩০ বছর আগে যখন কোনো এক ছবির সেটে প্রথম পা রেখেছিলাম, তখন বড় কোনো পরিকল্পনা ছিল না আমার। এমনকি অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল না। আজ মনে হয়, সিনেমা যেন আমাকে নিজেই খুঁজে নিয়েছে।
কাকতালীয়ভাবে এই ইন্ডাস্ট্রিতে আসা উল্লেখ করে তিনি আরও জানান, শুরুর দিনগুলোতে তিনি বেশ দ্বিধাগ্রস্ত ও ভীতু ছিলেন। তিনি বলেন, আজও আমার ভেতরে সেই নার্ভাস মেয়েটা বেঁচে আছে। প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়ে যে মেয়েটি ভাবত, সে সংলাপ ভুলে যাবে না তো? সে কি আদৌ এই কাজের যোগ্য?
দীর্ঘ এই পথচলায় ‘মা’ হওয়ার অভিজ্ঞতা ও ক্যারিয়ারের সংযোগ নিয়েও কথা বলেছেন রানি। ক্যারিয়ারের শুরুতে মায়ের চরিত্রে অভিনয় করে জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি।
অভিনেত্রীর , আমি সংকেতে বিশ্বাস করি। মা হওয়ার পরই যখন এই বিশেষ পুরস্কারটি পেলাম, তখন অনুভব করেছি একজন মা তার সন্তানের জন্য ঠিক কতদূর যেতে পারেন। জীবনের এই পর্যায়ে এসে আমি হয়তো আরও অনেক বেশি পরিণত।
Copyright © 2026 All rights reserved.