প্রকাশের তারিখঃ Jan 12, 2026 ইং
ইরানে মাস্কের স্টারলিংকও ‘অচল’, নজিরবিহীন পদক্ষেপ তেহরানের
ইরানে চলমান অস্থিরতা দমাতে এবার ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেটও কার্যত অচল করে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সামরিক জ্যামার ব্যবহার করে নজিরবিহীনভাবে স্যাটেলাইট সিগন্যাল বিঘ্নিত করা হচ্ছে। এর ফলে ভিন্নমত দমনে তেহরানের এই পদক্ষেপকে একটি ‘ভোঁতা কিন্তু কঠোর অস্ত্র’ হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
ইরানে বিক্ষোভকারীদের যোগাযোগের অন্যতম মাধ্যম স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেটের ওপর বড় ধরনের আঘাত হেনেছে দেশটির সরকার। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইরানে বর্তমানে হাজার হাজার স্টারলিংক ইউনিট থাকলেও সামরিক জ্যামিংয়ের কারণে সেগুলোর সংযোগে ব্যাপক ধস নেমেছে। শুরুতে সংযোগের ৩০ শতাংশ ব্যাহত হলেও কয়েক ঘণ্টার মধ্যেই তা ৮০ শতাংশ ছাড়িয়ে গেছে।
বিশেষজ্ঞরা বলছেন, ইরান দেশজুড়ে জিপিএস (GPS) সিগন্যাল ব্যাহত করছে, যার ফলে স্টারলিংক রিসিভারগুলো স্যাটেলাইটের সাথে সংযুক্ত হতে পারছে না। নেটওয়ার্ক গবেষক আমির রশিদি এই পরিস্থিতিকে নজিরবিহীন উল্লেখ করে জানিয়েছেন, গত ২০ বছরে তিনি ইন্টারনেট প্রবেশাধিকার নিয়ে এমন কঠোর পদক্ষেপ দেখেননি।
এই দেশব্যাপী ব্ল্যাকআউট বা ‘কিল সুইচ’ কৌশলের কারণে ইরানের অর্থনীতিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ধারণা করা হচ্ছে, ইন্টারনেট বন্ধ থাকায় দেশটিতে প্রতি ঘণ্টায় প্রায় ১৫ লাখ ৬০ হাজার ডলারের সমপরিমাণ আর্থিক ক্ষতি হচ্ছে। মূলত বিক্ষোভকারীদের একতাবদ্ধ হওয়া রুখতেই সরকার এই ডিজিটাল অবরুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে।
Copyright © 2026 All rights reserved.