প্রকাশের তারিখঃ Jan 13, 2026 ইং
বাংলাদেশি শিক্ষার্থী নিতে আগ্রহী পোর্টসমাউথ
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব পোর্টসমাউথ উচ্চশিক্ষা ও প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব বাড়াতে এবং আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী ভর্তিতে আগ্রহ প্রকাশ করেছে।
সোমবার (১৩ জানুয়ারি) যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামের বিশ্ববিদ্যালয় সফরকালে এই প্রস্তাব দেওয়া হয়। এছাড়া বাংলাদেশে ‘ব্লু বাংলাদেশ চেয়ার’ প্রতিষ্ঠার মাধ্যমে সামুদ্রিক গবেষণায় সহযোগিতার বিষয়টিও আলোচনায় আসে।
হাইকমিশনার আবিদা ইসলাম পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। বৈঠকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ট্রান্সন্যাশনাল এডুকেশন (TNE) সুযোগ বাড়ানো এবং যৌথ একাডেমিক কোর্স চালুর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ভাইস-চ্যান্সেলর ক্রিস চ্যাং জানান, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পোর্টসমাউথে পড়াশোনার চমৎকার পরিবেশ রয়েছে এবং আর্থিক চাপ কমাতে বিশেষ বৃত্তির ব্যবস্থাও রাখা হয়েছে।
বৈঠকে বাংলাদেশের ব্লু গভর্ন্যান্স বিষয়ে গবেষণা ও জ্ঞান বিনিময়ের জন্য ‘ব্লু বাংলাদেশ চেয়ার’ স্থাপনের অনুরোধ জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হাইকমিশনার জানান, এই প্রস্তাবটি বর্তমানে সরকার পর্যালোচনা করছে। সফরকালে তিনি ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডিপ্লোম্যাসি’ শীর্ষক এক বক্তৃতায় কূটনৈতিক ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ঝুঁকি নিয়ে আলোচনা করেন। এছাড়া সিটি কাউন্সিলের প্রতিনিধিদের সঙ্গে বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা নিয়েও ফলপ্রসূ আলোচনা হয়।
Copyright © 2026 All rights reserved.