প্রকাশের তারিখঃ Jan 13, 2026 ইং
পে স্কেল নিয়ে অর্থ উপদেষ্টার বার্তা
নির্বাচনের আগে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল কার্যকর হবে কি না, তা পে কমিশনের প্রতিবেদনের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সচিবালয়ে তিনি জানান, সরকার বর্তমানে কমিশনের সুপারিশের অপেক্ষায় রয়েছে। এছাড়া জ্বালানি সরবরাহ এবং নির্বাচনী প্রস্তুতির জন্য বডি ক্যামেরা কেনা নিয়েও কথা বলেন তিনি।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন অর্থ উপদেষ্টা। নতুন পে স্কেল নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পে কমিশন শিগগিরই তাদের প্রতিবেদন জমা দেবে। সেই সুপারিশগুলো পর্যালোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারি কর্মচারীদের বেতন কাঠামোর পরিবর্তন নিয়ে কমিশনের কাজ বর্তমানে চলমান রয়েছে।
দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতিকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বিশেষ করে এলপি গ্যাসের সরবরাহ নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে।
অন্যদিকে, আসন্ন নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য 'বডি অন ক্যামেরা' কেনার বিষয়ে তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব বরাদ্দ থেকেই এই সরঞ্জাম কেনা হবে। প্রয়োজনীয় অর্থের জোগান ওই বিভাগ থেকেই নিশ্চিত করা হবে।
Copyright © 2026 All rights reserved.