প্রকাশের তারিখঃ Jan 13, 2026 ইং
বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করছে ইরান
ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে ইরফান সোলতানি (২৬) নামে এক যুবকের মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে তেহরান।
সোমবার (১২ জানুয়ারি) দুটি মানবাধিকার সংস্থা জানিয়েছে, আগামী ১৪ জানুয়ারি এই দণ্ড কার্যকর হতে পারে। অন্যদিকে, বিক্ষোভকারীরা অর্ধশতাধিক মসজিদে হামলা ও অ্যাম্বুলেন্স ভাঙচুর করেছে বলে দাবি করেছে ইরান সরকার। উদ্ভূত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
ইরান হিউম্যান রাইটস জানায়, গত সপ্তাহে কারাজ থেকে গ্রেপ্তার হওয়া ইরফান সোলতানিকে ‘আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ’ করার অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মানবাধিকার কর্মীদের দাবি, সোলতানিকে আইনজীবী নিয়োগের সুযোগ না দিয়েই এই দণ্ড ঘোষণা করা হয়েছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অভিযোগ করেছেন, বিক্ষোভকারীরা এ পর্যন্ত ৫৩টি মসজিদ ও ১৮০টি অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত সিসিটিভি ফুটেজে মসজিদে হামলার দৃশ্য দেখা গেছে।
ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিক্ষোভকারীদের ওপর সহিংসতা চালালে সরাসরি সামরিক হস্তক্ষেপ করা হবে। জবাবে ইরান জানিয়েছে, সার্বভৌমত্বে আঘাত এলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালানো হবে। তবে এই উত্তেজনার মধ্যেই দুই দেশের মধ্যে পরোক্ষ কূটনৈতিক যোগাযোগ সচল রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী আরাগচি ও মার্কিন বিশেষ দূতের মধ্যে প্রয়োজনীয় বার্তা আদান-প্রদান চলছে।
Copyright © 2026 All rights reserved.