প্রকাশের তারিখঃ Jan 13, 2026 ইং
৫ দিনের নতুন আবহাওয়ার বার্তা
সারাদেশে কুয়াশার দাপট ও হাড়কাঁপানো শীত আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে পঞ্চগড়, কুড়িগ্রাম ও নীলফামারীতে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী শুক্রবার পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ৭.৫ ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকা ও উত্তরাঞ্চলের কিছু এলাকায় মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
আজ মঙ্গলবার সারাদেশে রাতের তাপমাত্রা কিছুটা কমলেও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
তবে বুধ থেকে শুক্রবার পর্যন্ত দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। শৈত্যপ্রবাহের কারণে উত্তরাঞ্চলে শীতের তীব্রতা বেশি অনুভূত হবে। আগামী শনিবার থেকে তাপমাত্রায় কিছুটা উন্নতির সম্ভাবনা রয়েছে। বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বিরাজ করছে।
Copyright © 2026 All rights reserved.