প্রকাশের তারিখঃ Jan 13, 2026 ইং
ট্রাম্পের অপছন্দের সেই অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত বিদায় নিচ্ছেন
যুক্তরাষ্ট্রে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত কেভিন রাড তার পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন। আগামী ৩১ মার্চ তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব থেকে বিদায় নেবেন। সাবেক এই অজি প্রধানমন্ত্রী মূলত নিউ ইয়র্কের একটি থিঙ্ক ট্যাঙ্কের সভাপতির দায়িত্ব নিতেই পদত্যাগ করছেন। তবে ডোনাল্ড ট্রাম্পের সাথে তার পুরনো তিক্ততা এই পদত্যাগের পেছনে আলোচনার জন্ম দিয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে অস্ট্রেলিয়া। দীর্ঘ তিন বছরের দায়িত্বকাল শেষে কেভিন রাড নিউ ইয়র্কের 'এশিয়া সোসাইটি'র হাল ধরবেন। ট্রাম্প ক্ষমতায় আসার আগে রাড তাকে ‘ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক প্রেসিডেন্ট’ বলে সমালোচনা করেছিলেন। ট্রাম্পও পাল্টা প্রতিক্রিয়ায় তাকে ‘অপছন্দের ব্যক্তি’ হিসেবে অভিহিত করেন। গত অক্টোবরে হোয়াইট হাউসে এক বৈঠকের সময় ট্রাম্প প্রকাশ্যেই রাডের প্রতি অসন্তোষ প্রকাশ করেছিলেন।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ অবশ্য জানিয়েছেন, রাডের পদত্যাগের সিদ্ধান্তটি অন্তত এক বছর আগের এবং এটি সম্পূর্ণ তার নিজস্ব বিষয়। আলবানিজ রাষ্ট্রদূতের অক্লান্ত পরিশ্রম ও কর্মসংস্কৃতির ভূয়সী প্রশংসা করেন। উল্লেখ্য, ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পের জয়ের পর রাড সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তার আগের বিতর্কিত মন্তব্যগুলো মুছে ফেললেও দুই নেতার শীতল সম্পর্ক আন্তর্জাতিক মহলে বারবার আলোচনায় এসেছে।
Copyright © 2026 All rights reserved.