প্রকাশের তারিখঃ Jan 13, 2026 ইং
১৮১ কোটি টাকায় সয়াবিন তেল কিনছে সরকার
বাজার স্থিতিশীল রাখতে ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার বড় সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এতে সরকারের ব্যয় হবে প্রায় ১৮১ কোটি টাকা।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, স্থানীয় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ঢাকার 'সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস লিমিটেড' থেকে এই তেল সংগ্রহ করা হবে। সরকারি হিসাব অনুযায়ী, প্রতি লিটার তেলের দাম পড়বে ১৮০ টাকা ৮৫ পয়সা। মোট ১৮০ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে এই বড় চালানটি কেনা হচ্ছে।
একই সভায় সয়াবিন তেলের পাশাপাশি কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে সার আমদানির একটি প্রস্তাবও অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। সাধারণ মানুষের নাগালে ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিত করতেই দ্রুত এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।
Copyright © 2026 All rights reserved.