প্রকাশের তারিখঃ Jan 13, 2026 ইং
রাজধানী অবরোধের ঘোষণা সাত কলেজের
সাত কলেজকে নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের এক দফা দাবিতে আগামীকাল বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীজুড়ে অবরোধের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। আন্দোলনের অংশ হিসেবে সকাল ১১টা থেকে সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড় অবরোধ করা হবে। আগামী ১৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য উপদেষ্টা পরিষদের সভায় প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় আইনের চূড়ান্ত অনুমোদন ও অধ্যাদেশ জারির দাবিতে তারা এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছেন।
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ‘সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের’ পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই রাজপথ অবরোধের ঘোষণা দেওয়া হয়। শিক্ষার্থীদের দাবি, গত সেপ্টেম্বর মাস থেকেই প্রস্তাবিত এই বিশ্ববিদ্যালয়ের খসড়া আইন নিয়ে কাজ চললেও অধ্যাদেশ জারিতে কালক্ষেপণ করা হচ্ছে। এর আগে ডিসেম্বরে শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচির সময় জানুয়ারির শুরুতে অধ্যাদেশ জারির আশ্বাস দেওয়া হলেও তার প্রতিফলন দেখা যায়নি।
আন্দোলনকারীরা জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার সরকারের উপদেষ্টা পরিষদের সভা হওয়ার কথা রয়েছে। ওই সভাতেই ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ পাস করার জন্য সরকারকে আলটিমেটাম দিয়েছেন তারা।
শিক্ষার্থীদের অভিযোগ, বারবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও অধ্যাদেশ জারিতে দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের দাবি পূরণ না হয়, তবে আরও কঠোর কর্মসূচির মাধ্যমে আন্দোলনের পরিসর বাড়ানো হবে বলেও বিজ্ঞপ্তিতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
Copyright © 2026 All rights reserved.