প্রকাশের তারিখঃ Jan 13, 2026 ইং
সুদানে ড্রোন হামলা: নিহত ২৭
সুদানের সিনজা শহরে সেনাবাহিনীর একটি ঘাঁটিতে আধাসামরিক বাহিনী আরএসএফ-এর ড্রোন হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন।
সোমবারের (১২ জানুয়ারি) এই হামলায় দুই সরকারি কর্মকর্তাসহ বেশ কিছু বেসামরিক নাগরিক হতাহত হন। রাজধানী খার্তুমে সরকারের ফেরার ঘোষণার একদিন পরই এই হামলা চালানো হলো।
সুদানের সামরিক সূত্রের বরাতে আল জাজিরা জানায়, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর সিনজার ১৭তম পদাতিক ডিভিশনের সদর দপ্তর লক্ষ্য করে এই ড্রোন হামলা চালানো হয়। হামলায় হোয়াইট নাইল রাজ্যের গভর্নর প্রাণে বেঁচে গেলেও তার সফরসঙ্গী দুই কর্মকর্তা নিহত হন। হতাহতের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে; এএফপি-র মতে আহতের সংখ্যা ৭৩ জন। আরএসএফ-এর পক্ষ থেকে দাবি করা হয়েছে, সামরিক নেতৃত্বকে সতর্ক করতেই এই হামলা চালানো হয়েছে।
২০২৩ সালে গৃহযুদ্ধ শুরুর পর সরকার তাদের দপ্তর পোর্ট সুদানে সরিয়ে নিয়েছিল। সম্প্রতি সেনাবাহিনী রাজধানী খার্তুমসহ বেশ কিছু অঞ্চলের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ায় সরকার সেখানে ফেরার পরিকল্পনা করছিল। তবে সিনজার এই ভয়াবহ হামলা সেই প্রক্রিয়াকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। যদিও স্থানীয় প্রশাসন দাবি করেছে, সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলাটি প্রতিহত করার চেষ্টা করেছে এবং বর্তমানে শহরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
Copyright © 2026 All rights reserved.