প্রকাশের তারিখঃ Jan 13, 2026 ইং
জামায়াত জোটে যাওয়ায় ক্ষমা চাইলেন মঞ্জু
জামায়াত-নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে যোগ দেওয়ায় জনগণের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীতে আয়োজিত এক নাগরিক অনুষ্ঠানে তিনি স্বীকার করেন যে, ছোট দল হিসেবে নির্বাচনী বৈতরণী পার হতে গিয়ে তারা জনমানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন। তবে ক্ষমা চাইলেও উপস্থিত দর্শকদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে ইতিবাচক সাড়া পাননি তিনি।
আগারগাঁওয়ে ‘জাতীয় নির্বাচন-২০২৬ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক অনুষ্ঠানে মজিবুর রহমান মঞ্জু বলেন, নতুন দল হিসেবে নির্বাচনী রাজনীতির কঠিন বাস্তবতায় তারা একটি বড় জোটে যোগ দিতে বাধ্য হয়েছেন। এই সিদ্ধান্ত অনেক শুভাকাঙ্ক্ষীকে ব্যথিত করেছে উল্লেখ করে তিনি তাদের কাছে মার্জনা প্রার্থনা করেন। উপস্থিত জনতা তার ক্ষমা গ্রহণে অস্বীকৃতি জানালে তিনি আক্ষেপ করে বলেন, ক্ষমা না করা বর্তমানে একটি নেতিবাচক সংস্কৃতিতে পরিণত হয়েছে।
জোট গঠনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে মঞ্জু জানান, এককভাবে ভোটকেন্দ্রে এজেন্ট দেওয়া বা পুরো নির্বাচনী ব্যবস্থাপনা পরিচালনা করা ছোট দলের পক্ষে প্রায় অসম্ভব। তাই রাজনৈতিক অস্তিত্ব রক্ষার্থেই তারা এই বড় জোটে সামিল হয়েছেন। তিনি আরও বলেন, দেশের উন্নয়নে সংসদ সদস্যদের চেয়ে সৎ জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) বেশি গুরুত্বপূর্ণ। নির্বাচনে জয়ী হলে তিনি প্রশাসনের কাজে কোনো হস্তক্ষেপ করবেন না বলেও প্রতিশ্রুতি দেন। উল্লেখ্য, গত ডিসেম্বরের শেষে এবি পার্টি জামায়াত জোটে যোগ দেয় এবং আসন্ন নির্বাচনে মঞ্জু ফেনী-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Copyright © 2026 All rights reserved.